যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি একক প্রার্থী দিলেও দিতে পারেনি আওয়ামীলীগ। ১৯দলীয় জোট চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (মহিলা)পদে একজন করে প্রার্থী দিলেও আওয়ামীলীগের উভয়পদে প্রার্থী রয়েছে দুইজন করে। একক প্রার্থী দিতে ব্যর্থ হওয়ায় আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। নির্বাচনের প্রচারনাকে কেন্দ্র করে গন্ডগোলের আশংকা করছেন বিভক্ত দলীয় নেতাকর্মীরা।
বুধবার প্রতিক বরাদ্দের পর চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে একজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতায় নেমেছেন বলে নিশ্চিত করেন শার্শার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল আলম।
তিনি বলেন,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মেহেদি হাসান ছাড়া অন্য কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় তাকে নির্বাচিত ঘোষনা করা সময়ের ব্যাপার মাত্র ।
অন্য প্রার্থীরা হচ্ছেন, চেয়ারম্যান পদে শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু (মোটরসাইকেল) ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান মিন্নু (দোয়াত কলম), উপজেলা বিএনপি’র সভাপতি খায়রুজ্জামান মধু (আনারস), মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা খতিব(প্রজাপতি) (আওয়ামীলীগ), আলেয়া ফেরদৌসী (কলস) (আওয়ামীলীগ) ও নূরজাহান রিনা (হাস) (বিএনপি)।
শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক শার্শা উপজেলা আওয়ামীলীগের তৃন্নমূলের সমর্থনে প্রার্থী হিসেবে চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু , ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌসীকে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী করা হয়েছে।
আওয়ামীলীগের অপর একটি সুত্র জানায় যশোর জেলা আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে আব্দুল মান্নান মিন্নু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া ফেরদৌস এর নাম ঘোষনা করেছে।
বেনাপোল পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে শার্শা উপজেলা পরিষদের নির্বাচনী এলাকা গঠিত। নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ২লাখ ৩৪ হাজার ৭শ’৯০ জন। এর মধ্যে ১ লাখ ১৭ হাজার ৬২৮ জন পুরুষ এবং ১ লাখ ১৭ হাজার ১৬২ জন মহিলা বলেন শার্শার নির্বাচন অফিসার আব্দুর রশিদ।




