তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, উপজেলা নির্বাচন আওয়ামীলীগের জন্য সামনে বড় চ্যালেঞ্জের নির্বাচন। এই নির্বাচনে আমাদের একক প্রার্থী দিয়ে জয়লাভ করতে হবে। বিএনপি জামায়াত জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জন্য সকল প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। তাদের প্রতিহত করতে হলে আমাদের দলীয় একক প্রার্থী দেয়া ছাড়া আর কোন পথ নাই। প্রার্থীদের উদ্দেশ্যে লিটন বলেন, অনেক নেতাকর্মী আছে নির্বাচন করার মত কিন্তু সকলকে নির্বাচনে প্রার্থী করা সম্ভব নয়। অনেকের ক্ষোভ দুঃখ থাকতেই পারে, তারপরেও আমাদের একক প্রার্থী করা ছাড়া কিছু করার নাই। তিনি উপস্থিত দলের নেতা-কর্মীদের আসন্ন উপজেলা নির্বাচনে দলের একক প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ ভাবে ভোট করার আহবান জানান। গতকাল বৃহস্পতিবার বিকালে তানোর উপজেলা অডিটোরিয়াম হল রুমে তানোর উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রার্থী ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তানোর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপি, মহানগর আ’লীগের সহ-সভাপতি ইকবারুল রহিম, গোদাগাড়ী আ’লীগের সহ-সভাপতি এ্যাড: একরামুল হক, এ্যাড: শাজাহান, তানোর উপজেলা আ’লীগের সভাপতি ও মনোনয়ন প্রত্যাশি গোলাম রাব্বানী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশি আব্দুল্াহ-আল-মামুন, আ’লীগের প্রবীণ নেতা অধ্যাপক লুৎফর রহমান, তানোর পৌর আ’লীগের সভাপতি ইমরুল হক, সাধারণ সম্পাদক প্রদীপ সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশি ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোস্তারী জাহান লাভলী, কামারগাঁ ইউপি সদস্য ও মনোনয়ন প্রত্যাশি সোনীয়া সরদার, থানা জাতীয় পার্টির সভাপতি শামসুদ্দীন মন্ডল, সাধারণ সম্পাদক ও উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশি আব্দুর রাজ্জাকসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সাবেক শিল্প প্রতিমন্ত্রী রাজশাহী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক চৌধুরী এমপি বলেন ৭১ এর স্বাধীনতা বিরোধী চক্রের হাত থেকে দেশকে সুরক্ষিত করতে হবে। বিএনপি জামায়াতদের সাথে নিয়ে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, তাদের এই মনো বাসনা বাংলার মানুষ কখনই আর হতে দিবে না। তিনি বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা জানে কি ভাবে নির্বাচনে জয়লাভ করা যায়। তিনি দলীয় প্রার্থীদের নির্বাচনে জয়লাভ করানোর জন্য নেতাকর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার আহবান জানান। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের সিদ্ধান্তের বাহিরে যারা নির্বাচনে যাবে তাদের রাজনৈতিক ভাবে প্রতিরোধ করার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। এর আগে তিনি উপস্থিত দলের নেতা-কর্মীদের শপথ পাঠ করান। সন্ধ্যার পর প্রধান অতিথি খায়রুজ্জামান লিটন প্রার্থীদের নাম ঘোষনা করেন। উপজেলা চেয়ারম্যান পদে তানোর উপজেলা আ’লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌর সভার মেয়র গোলাম রাব্বানী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামারগাঁ ইউপি সদস্য সোনীয়া সরদারের নাম ঘোষনা করেন। তবে উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় কোন প্রার্থীর নাম ঘোষনা হয়নি। দলীর একাধিক সূত্রে জানা গেছে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আ’লীগেল কোন প্রার্থী নয় থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে ছাড় দেওয়া হয়েছে। থানা জাতীয় পার্টির সভাপতি শামসুদ্দীন মন্ডল বলেন, ১৪ দলের পক্ষে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে।




