শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ অভিযোগ করেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী সহিংসতা চালাচ্ছে। তিনি এদের থামাতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। তিনি ৫ ফেব্র“য়ারী বুধবার সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসনকেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) সাংবাদিকদের ওই কথা বলেন। তিনি সেখানে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ব্যক্তিদের অবস্থা পরিদর্শনে যান। এসময় তিনি বলেন, মানুষকে রক্ষার জন্য যা যা করা দরকার, করব; মায়াকান্না করব না।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের আন্দোলন কেবল মানুষ খুন। ১৯৭১ সালে যেভাবে গণহত্যা হয়েছে, ঠিক একই কায়দার তারা হামলা চালাচ্ছে।
খালেদা জিয়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তিনি তো এখন আর বিরোধীদলীয় নেত্রী নন, বিএনপির নেত্রী। তিনি রাজাকার-সন্ত্রাসীদের দিয়ে এসব ধ্বংসাত্মক কর্মকান্ড করাচ্ছেন। গাড়িতে আগুন, হত্যা, রগকাটা এখন তাদের সাধারণ ব্যাপার হয়ে গেছে।
তিনি বলেন, বিভিন্ন সময়ে যারা আহত হয়েছে, তাদের পুনর্বাসন করা হয়েছে ও হবে। অবশ্যই সহিংসতাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।
প্রধানমন্ত্রী হুঁশিয়ার করেন, যারা এসব সহিংস ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসব কর্মকাণ্ড বরদাশত করা হবে না। হামলার শিকার ব্যক্তিরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হবে। খালেদা জিয়ার নির্দেশেই নির্বাচন-পূর্ব ও পরবর্তী সময়ে সহিংস হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, স্থানীয় সাংসদ জাহাঙ্গীর কবির নানক প্রমুখ উপস্থিত ছিলেন।




