ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদের নির্বাচনে শেষ দিনে উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের প্রার্থীসহ ১১ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ২ ফেব্রুয়ারী রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হকের কাছে তারা স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুলাহেল ওয়ারেজ নাঈম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান জমসেদ আলী ও জেলা আওয়ামী লীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান লেবু। বিএনপির দুদকের মামলায় কারাগারে আটক বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, বাদশা তনয় শাহ আলী আরিফ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম মাষ্টার ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। জামায়াতের প্রভাষক মাহবুবুর রহমান, কৃষক শ্রমিক জনতা লীগের ফকির আব্দুল মান্নান মাষ্টার এবং স্বতন্ত্র সাবেক ভাইস-চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী ও শাহ আশরাফুল ইসলাম। এছাড়া একই দিনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন ও মহিলা পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে জাপার কোন প্রার্থী না থাকলেও শেষ পর্যন্ত শাহ আশরাফুল ইসলাম জাপার সমর্থন পেতে পারেন।
উলেখ্য, নির্বাচন কমিশনের দ্বিতীয় দফায় ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ ফেব্রুয়ারী সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও প্রত্যাহারের সময়সীমার পূর্বেই তারা একক প্রার্থী মনোনয়নে তৎপর রয়েছে। ৫ ফেব্র“য়ারী কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, নির্বাহী সদস্য পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপির উপস্থিতিতে এ উপজেলায় তৃণমূলের ভোট গ্রহণের মাধ্যমে একক প্রার্থীতা চূড়ান্ত করা হবে। অন্যদিকে বিএনপিও একই পথ বেছে নিয়ে ৮ ফেব্র“য়ারী তৃণমূলের ভোটের মাধ্যমে তাদের একক প্রার্থীতা চূড়ান্ত করবে।




