শ্যামলবাংলা ডেস্ক : দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপিদের নিয়ে এবার নতুন জোট গঠিত হয়েছে। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতা ও ঢাকা-৭ আসনের স্বতন্ত্র এমপি হাজী মো. সেলিমের নেতৃত্বে ১৬ স্বতন্ত্র এমপির সমন্বয়ে ওই নতুন জোট গঠন করা হয়। এ উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনে আয়োজিত স্বতন্ত্র এমপিদের এক জরুরি বৈঠকে ১২ জন স্বতন্ত্র এমপি উপস্থিত ছিলেন। অন্য ৪ জন অনুপস্থিত থাকলেও ওই জোটের সাথে একাত্মতা ঘোষণা করেছেন।

কমিটির প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যদিবসে স্বতন্ত্র এমপিদের এই জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানানো হবে। চিঠিতে সংরক্ষিত মহিলা আসনে এখনই কোনো সদস্য নির্বাচন না করার সুপারিশ করা হবে। এই জোটের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছেও পাঠানো হবে। এ ছাড়া সংসদীয় কমিটি এবং যোগাযোগ, এলজিআরডি, ত্রাণ ও দুর্যোগ, শিক্ষা, নৌপরিবহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সংখ্যানুপাতে স্বতন্ত্র এমপিদের অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হবে।
বৈঠকে হাজী মো. সেলিমকে সভাপতি, পিরোজপুর-৩-এর রুস্তম আলী ফরাজী ও নরসিংদী-২-এর কামরুল আশরাফ খানকে সহ-সভাপতি এবং কুমিল্লা-৪-এর রাজী মোহাম্মদ ফখরুলকে সদস্য সচিব করে স্বতন্ত্র জোটের ৪ সদস্যের কমিটিও গঠন করা হয়। এরপর নবগঠিত জোটের নেতা হাজী সেলিম গণমাধ্যমকে বলেন, স্বতন্ত্র এমপিরা সংসদে জনগণের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবেন। জনগণের আবহাওয়া দেখে কথা বলবেন। দেশের মানুষ যেমনটি পছন্দ করবেন, তারা তেমনই ভূমিকা পালন করবেন। যা অপছন্দ করেন, তার বিরুদ্ধে অবস্থান নেবেন। তাদের কল্যাণে সাদাকে সাদা, কালোকে কালো বলবেন।
উল্লেখ্য, বৈঠকে নওগাঁ-৩ আসনের ছলিম উদ্দিন তরফদার, মেহেরপুর-২ আসনের মকবুল হোসেন, ঝিনাইদহ-২ আসনের তাহজীব আলম সিদ্দিকী, পিরোজপুর-৩ আসনের রুস্তম আলী ফরাজী, ঢাকা-৭ আসনের হাজী মো. সেলিম, নরসিংদী-৩ আসনের সিরাজুল ইসলাম মোস্তফা, নরসিংদী-৭ আসনের কামরুল আশরাফ খান, ফরিদপুর-৪ আসনের মজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার-২ আসনের আবদুল মতিন, কুমিল্লা-৪ আসনের রাজী মোহাম্মদ ফখরুল, ফেনী-৩ আসনের রহিম উল্লাহ ও পার্বত্য রাঙ্গামাটির এমপি উষাতন তালুকদার উপস্থিত ছিলেন।




