শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, বিএনপির নেতা এখন জামায়াতের আমির হয়ে গেছেন। তিনি ২৩ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলায় এক জনসভায় ওই কথা বলেন। এসময় তিনি বলেন, বিএনপির কাজ যুদ্ধাপরাধীদের পুরস্কৃত করা। যুদ্ধাপরাধের জন্য যাদের বিচার হচ্ছে, শাস্তি হচ্ছে, তাদেরকে বিএনপির নেতা মন্ত্রী বানিয়েছেন। যুদ্ধাপরাধীদের হাতে বিএনপির নেতা পতাকা তুলে দিয়েছেন।

বক্তব্যের শুরুতেই বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বর্ণনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাদের অত্যাচার, নির্যাতন ভাষায় বর্ণনা করা যায় না। অভয়নগরের মানুষের অপরাধ কী? তাঁরা ভোট দিতে গেছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি মুখে বলেন যে, কেউ ভোট দিতে যায়নি। তাহলে ভোট দিতে যাওয়ার অপরাধে এই জুলুম-নির্যাতন কেন? প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, আপনারা এখানকার মাটির সন্তান। আপনারা এই এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাববেন না। আপনারা মনে জোর নিয়ে, নিজেদের অধিকার নিয়ে বাঁচবেন।
শেখ হাসিনা বলেন, দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য যত কঠোর হওয়া দরকার সরকার হবে। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের পক্ষে শেখর চন্দ্র বর্মণ ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন ও মন্দির সম্প্রসারণ করার দাবি জানান। প্রধানমন্ত্রী তাঁকে আশ্বাস দেন।
এর আগে প্রধানমন্ত্রী দুপুরে হেলিকপ্টারযোগে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া কলেজ মাঠে পৌঁছান। সেখান থেকে তিনি নির্বাচনোত্তর সাম্প্রদায়িক তাণ্ডবের শিকার যশোরের অভয়নগর উপজেলার চাপাতলা মালোপাড়া পরিদর্শন করেন। এসময় মালোপাড়ার ক্ষতিগ্রস্থ ৫১টি পরিবারকে সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেন।




