যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে জেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আয়োজনে শহরের গোপালবাড়ী এলাকার গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এখানে এসে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী শিশু-কিশোরেরা রাধা-কৃষ্ণ সেজে অংশ নেয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

শোভাযাত্রায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু রায়হান রূপন, জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত কুমার দে, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহাসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন।
পরে গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা অর্চনা করা হয়। এ সময় দেশ-জাতি ও সারা বিশ্বের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে বিপুলসংখ্যক হিন্দু পূণ্যার্থী দিনব্যাপী উপবাসব্রত পালন করেন।




