মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর শহরের অলিতে গলিতে শিশু-কিশোরদের হাতে ও বাড়ির ছাদে শোভা পাচ্ছে গ্যাস ভর্তি বেলুন। রঙ বে-রঙের মাছ, ডলফিন, হাঙ্গর, ঈগল ও উড়োজাহাড় আকৃতির বেলুন খুব উপভোগ করছেন শিশু-কিশোররা। শহরের প্রধান সড়ক ও অলিগলি সড়কে এক শ্রেণির ব্যবসায়িরা রঙিন বেলুন নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বেলুন কিনতে শিশু-কিশোররা ছুটছে তাদের পিছনে পেছনে। অভিভাবকরা দরাদরি করার সুযোগ পাচ্ছেন না শিশু-কিশোরদের বায়নার কাছে। বাধ্য হচ্ছেন ৫০ থেকে ৬০ টাকা দামের বেলুন কিনে দিতে। বেলুন উড়ছে আকাশে আর লাটাই থাকছে শিশু-কিশোরের হাতে। তবে ওই বেলুনের মধ্যে কি আছে তা যেমন বেলুন বিক্রেতা জানে না তেমনি বেলুন বিষ্ফোরনে কি ক্ষতি হতে পারে তা জানে না শিশু-কিশোররা। গ্যাস ভর্তি বেলুন বিষ্ফোরণ পেট্রোল বোমার মত ক্ষতিকর এমন মন্তব্য করেছেন মেহেরপুরের অভিজ্ঞ একজন ডাক্তার। এমন কথাও শোনা গেছে বিশেষভাবে তৈরি বেলুন প্লাস্টিক ও জরি কাগজ দিয়ে তৈরি মনে হলেও ওগুলো পলিথিনের আরেকটি সংস্করণ। যা কোনভাবেই পচনশীল নয়। এত ক্ষতিকর জিনিষ না জেনেই অভিভাবকরা শিশু-কিশোরদের বায়নার কাছে ২-৩ টি পর্যন্ত বেলুন কিনে দিচ্ছেন। এবিষয়ে অভিজ্ঞ মহল মনে করেন বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটনার আগেই প্রশাসনের উচিত হবে এর বিক্রি বন্ধ ও ব্যবহার নিষিদ্ধ করা।




