শেরপুরে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে পালনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় দিবসটি সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও তাৎপর্যপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি এবং সার্বিক প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ উপলক্ষে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, জুলাই শহিদ পরিবারের সদস্যগণ, সম্মুখ সারির জুলাই যোদ্ধাবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকল অংশীজনের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় জুলাই শহিদ পরিবারের সদস্যগণ, সম্মুখ সারির জুলাই যোদ্ধাবৃন্দসহ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান।




