সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলিসহ হাবিবুর রহমান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। রবিবার বেলা বারটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কোনাবাড়ি থেকে অস্ত্রসহ ঐ যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ হাবিবুর রহমান নাটোরের নলডাঙ্গা উপজেলার আড়িয়াহাটি গ্রামের মোঃ আঃ আজিজের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বেলা বারটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কোনাবাড়িতে বিভিন্ন গাড়িতে তলাসি করা হয়। এসময় ঢাকাগামি একটি বাস থেকে পিস্তল ও গুলিসহ হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তাকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে।




