শেরপুরের নালিতাবাড়ীতে এক জামায়াত নেতার ওপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। ৪ জুলাই শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পৌর শহরের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাহিদ হাসান নালিতাবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক এবং জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ফোরাম, শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।

পরিবারের সদস্যদের দাবি, শনিবার রাত দেড়টার দিকে নালিতাবাড়ী বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে হেঁটে বাড়ি ফিরছিলেন জাহিদ হাসান। চকপাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরা চার ব্যক্তি তাঁর গতিরোধ করে হামলা চালায়। তারা একটি কালো ব্যাগ তাঁর মাথায় পরিয়ে হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা চলে যায়।
পরিবারের ভাষ্য, প্রায় আধাঘণ্টা সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জাহিদ হাসানের বড় ভাই আব্দুল মোমেন বলেন, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে পরিকল্পিতভাবে এ হামলা হয়ে থাকতে পারে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন নিয়ে জাহিদ হাসানকে হাসপাতালে আনা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আরিফ রাব্বানী বলেন, জাতীয় নির্বাচনের আগেও ওই এলাকায় হেলমেট পরা কিছু লোকের অবস্থানের বিষয়টি জাহিদ সংগঠন ও পুলিশকে জানিয়েছিলেন। তাঁর দাবি, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে আজ বিকেলে বিক্ষোভ মিছিল এবং আগামীকাল প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, বিষয়টি জেনেছি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




