শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২০ জুন শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। ওইসময় তিনি বলেন, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব। সরকারের এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে এবং স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মো. আল বেরুনী, বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
এদিন ৪৪ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর মাঝে মোট ১ লাখ ৯৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এর মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ২২ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে মোট ৬৬ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৩ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ৯ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে মোট ৬৩ হাজার টাকা প্রদান করা হয়। এ ছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পাঁচ নারীকে সেলাই মেশিন এবং সাত শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়।




