শেরপুরের নালিতাবাড়ীতে প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে বিষপানে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ জুন বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার সুজন (২৬) উপজেলার কিল্লাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
সুজন পাইখাতলা উচ্চবিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক এবং বিবাহিত ও এক সন্তানের জনক। আর নিহত মনতাজুর রহমান দীপা (১৬) উপজেলার পাইখাতলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে। তিনি পাইখাতলা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুজনের সঙ্গে দীপার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিষয়টি দীপার পরিবার জানতে পেরে তাঁকে শাসন করে। এর পর মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে দীপা কীটনাশক পান করে সুজনের বাড়িতে যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে সুজন তাঁকে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দীপার বাবা দুলাল মিয়া বাদী হয়ে নালিতাবাড়ী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। সেই মামলায় বুধবার রাতে সুজনকে গ্রেফতার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতার সুজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।




