শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিতে ভারতীয় আধিপত্যবাদ নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি ১২ জুন শুক্রবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে ভারতের পুশইন চেষ্টার প্রতিবাদে জামায়াতে ইসলামীর আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রাশেদুল ইসলাম বলেন, ‘ভারতের সর্বশেষ নির্বাচনে প্রায় ৯০ লাখ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কেন তাঁদের বাদ দেওয়া হয়েছে, তা আমাদের বুঝতে বাকি নেই।’
তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারকে আমরা বলতে চাই, ভারতে ৯০ লাখ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তদন্তের দাবি জানানো হোক।’

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে রাশেদুল ইসলাম বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ভারত সফর করেছেন। সেখানে অবস্থানরত বিগত সরকারের পলাতক এমপি-মন্ত্রিদের বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না, তা জাতি জানতে চায়।’
তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দিল্লির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে “দিল্লি টু ঢাকা”। আমরাও চাই, দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে পরিচালিত হোক। তবে কলকাতা, আসাম ও মেঘালয় সীমান্ত দিয়ে যে পুশইনের অভিযোগ উঠছে, সে বিষয়ে সরকারের অবস্থান ও পদক্ষেপ কী, তা দেশবাসী জানতে চায়।’
সমাবেশে বক্তারা সীমান্তে কথিত পুশইনের ঘটনা রোধে সরকারের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি এবং সীমান্তে বিজিবির নজরদারি জোরদারের দাবি জানান।




