শেরপুরে বাড়ি থেকে নিখোঁজের ৪ দিন পরও সন্ধান মেলেনি মোঃ শফিকুল ইসলাম (২৮) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের। গত ২৮ এপ্রিল দুপুরে শহরের মধ্য নৌহাটা এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শফিকুল। ওই ঘটনায় ২ মে শনিবার বিকেলে শফিকুলের বাবা মো. ইসমাইল হোসেন তার ছেলে নিখোঁজের ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন।

জানা যায়, মানসিক প্রতিবন্ধী যুবক শফিকুল ইসলামের মৃগী রোগ রয়েছে। সে নিজ বাড়িতেই থাকতো। গত ২৮ এপ্রিল পরিবারের লোকজনের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর ৪ দিন পেরিয়ে গেলেও পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। পরে শনিবার বিকেলে সদর থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরী করেন শফিকুলের বাবা ইসমাইল হোসেন।
শফিকুলের বাবা ইসমাইল হোসেন জানান, শফিকুল ইসলামের গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। তার উপরের ঠোঁটের নিচে আঘাতের চিহ্ন আছে। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা রঙের ছাপা হাফ হাতা শার্ট এবং সবুজ রঙের পায়জামা।

ওই ঘটনায় সাধারণ ডায়েরী দায়েরের পর নিকটস্থ থানাসহ দেশের সকল থানায় শফিকুলের নিখোঁজের বিষয়ে তথ্য প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।




