শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি। এর অংশ হিসেবে নালিতাবাড়ীতে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করেছেন তিনি।

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে নালিতাবাড়ী শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন মু. গোলাম কিবরিয়া। ওইসময় তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া শোনেন। নেতাকর্মীদের স্লোগানে এ সময় পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
গণসংযোগকালে মু. গোলাম কিবরিয়া বলেন, দীর্ঘদিন ধরে এই জনপদ অব্যবস্থাপনা, দুর্নীতি ও লুটপাটের শিকার। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়ায় স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, “জনগণ যদি সুযোগ দেয়, ন্যায়বিচার ও সুশাসনের মাধ্যমে শেরপুর-২ আসনকে একটি উন্নয়নবান্ধব ও বৈষম্যহীন অঞ্চলে পরিণত করা হবে।”
তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষক ও ব্যবসায়ীদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং যুব সমাজকে মাদকমুক্ত করাই তাঁর প্রধান অগ্রাধিকার। জামায়াতে ইসলামীর রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং মানুষের কল্যাণ ও মুক্তির জন্য-এমন দাবিও করেন তিনি।

গণসংযোগে অংশ নেওয়া কয়েকজন ব্যবসায়ী জানান, প্রার্থীর বক্তব্যে এলাকার বাস্তব সমস্যার প্রতিফলন রয়েছে। স্পষ্ট অবস্থান ও মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতির কারণে তিনি অন্য প্রার্থীদের তুলনায় আলাদা করে নজর কাড়ছেন বলে মন্তব্য করেন তাঁরা।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




