ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলা শহরের তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন।

এতে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে প্রতিদ্বন্দ্বী ৪ জন সংসদ সদস্য প্রার্থী তাদের নিজ নিজ ইশতেহার পাঠ করেন। এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস এবং এবি পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা তাদের ইশতেহার পাঠ করেন। ওইসময় আগামীর নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে প্রার্থীগণ তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন।
ইশতেহার পাঠ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান, বিজিবির হাতিপাগার কোম্পানী কমান্ডার মোস্তাফিজুর রহমান নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বক্তব্য রাখেন। ইশতেহার পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সায়েম।

অনুষ্ঠানে সংসদ সদস্য প্রার্থীদের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন। ওইসময় বক্তাগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নে প্রত্যাশা ও অঙ্গীকার ব্যক্ত করেন।




