শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও যুগ্ম জেলা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট শাহনূর রহমান রুবেল (৫৫) আর নেই। তিনি ২২ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি শেরপুর শহরের বাগরাকসা মহল্লার প্রয়াত আলহাজ্ব শহিদুর রহমান ও প্রয়াত রওশন আরা বেগম বেলি দম্পতির জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির সাবেক সদস্য ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্রসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান। তার মৃত্যুতে আইন অঙ্গণসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুপুরে তার লাশ বাসায় পৌঁছলে আইনজীবীসহ বিভিন্ন মহলের লোকজন তাকে একনজর দেখার জন্য ভিড় জমান।
একইদিন বাদ এশা শহরের মাইসাহেবা জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ চাপাতলী পৌর কবরস্থানে দাফন করা হবে।

জানা যায়, অ্যাডভোকেট শাহনূর রহমান রুবেল খুবই সাধাসিধে এবং বন্ধুবাৎসল ও আড্ডাপ্রিয় লোক ছিলেন। তিনি প্রায় ২ বছর যাবত কিডনিসহ নানা জটিলরোগে ভুগছিলেন।
এদিকে তার মৃত্যুতে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহারসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।




