তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে এক চলন্ত বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার গাগরন্ড নামক স্থানে রাজশাহীগামী একটি বাস সাইকেল আরোহীকে ধাক্কা দিলে এ মৃত্যুর ঘটনা ঘটে। এনিয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক এলাকাবাসির মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলার মোহনপুর উপজেলার বেড়াবাড়ী (টেমা) গ্রামের মৃত নূর মিয়ার পুত্র নজির আলী(৫০) সবজি নিয়ে সাইকেল যোগে মঙ্গলবার সকালে তানোর পৌরসভার কালিগঞ্জ হাটে পৌঁছার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথের মাঝে তানোর উপজেলার গাগরন্ড নামক স্থানে তানোর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী (সিলেট-জ-১১-০০৫৬) নম্বর একটি বাস সাইকেল আরোহী নজিরকে ধাক্কা দিলে সাইকেলটি দ্বিখন্ডিত হয়ে ছিটকে পড়ে তার মাথা ফেটে গুরুতর আহত হন। এসময় আশাপাশের লোকজন নজিরকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে, এমন খবরে উপজেলার চাঁন্দুড়িয়া বাজার নামক স্থানের উপস্থিত লোকজন বাসটি আটক করে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক বাস উদ্ধার করে থানা হেফাজতে নেন। পরে হাসপাতাল থেকে নজিরের মরা দেহ উদ্ধার করে মর্গে পাঠানোর জন্য থানায় নেয়া হয়। এঘটনায় নজিরের পুত্র বাদি হয়ে সড়ক দূর্ঘটনা আইনে বাস চালক ও মালিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
এনিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, বিষয়টি নিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। বাস চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।




