শ্যামলবাংলা ডেস্ক : বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার রায় হচ্ছে ৩০ জানুয়ারি। ১৩ জানুয়ারী সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমান মামলাটির যুক্তি-তর্ক শেষে ওই রায়ের তারিখ ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে কর্ণফুলী নদী তীরবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) ঘাটে ট্রলার থেকে অস্ত্র খালাসকালে পুলিশ ১০ ট্রাক অস্ত্র আটক করে। অত্যাধুনিক অস্ত্রের ওই বিশাল চালানটি নিয়ে তখন দেশব্যাপী তোলপাড় শুরু হয়। অস্ত্র উদ্ধারের পর সেদিন রাতে কর্ণফুলী থানার ওসি আহাদুর রহমান বাদী হয়ে দুটি পৃথক মামলা করেন।
ওই মামলায় আসামি রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জমান বাবরসহ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক ২ প্রধান।




