শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, ড্যাবের কেন্দ্রীয় নেত্রী ও শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, শিক্ষকদের সবজায়গায় আলাদা একটা মর্যাদা ও সম্মান রয়েছে। আমি সবসময় শিক্ষকদের সম্মান করে থাকি। আমি যদি এমপি হলেও শিক্ষকদের স্যার-ম্যাডামই ডাকবো। শিক্ষকদের প্রতিটি দাবির প্রতি আমার সমর্থন রয়েছে। সংসদে যেতে পারলে আপনাদের দাবি বাস্তবায়নের জন্য আমি কাজ করে যাবো। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি। ৮ নভেম্বর শনিবার রাতে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শহরের মাধবপুরস্থ তার নিজ বাসায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

শেরপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট (সেলিম ভূইয়া) এর সাথে বিএনপি নেতাদের ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওই সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক শফিউল আলম চান, রফিকুল ইসলাম শিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু, শিক্ষক সমিতির সভাপতি মুহসিন আলী আকন্দ, সাধারণ সম্পাদক আজহার আলী প্রমুখ।

ওইসময় শেরপুর সদরের ১৪ ইউনিয়নের বিভিন্ন উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।




