টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুরে জেলা পর্যায়ের সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ সেপ্টেম্বর রবিবার) দুপুরে সিভিল সার্জন অফিসের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একইসাথে ক্যাম্পেইন চলাকালীন নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পর্যবেক্ষণ এবং সমন্বয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, শেরপুর সেনা ক্যাম্পের মেজর মাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, শেরপুর পৌরসভার প্রশাসক শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ানসহ ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বাংলাদেশে বছরে এ রোগে মৃত্যুবরণকারী ৮ হাজার জনের মধ্যে ১৫ বছরের নিচের শিশু ৬৮ শতাংশ। শিশুরাই বেশি টাইফয়েডে আক্রান্ত হচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় সরকার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে বিনামূল্যে এক ডোজ করে টাইফয়েডের টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। এ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে আগামী ১২ অক্টোবর থেকে। এই টিকা গ্রহণের জন্য শিশুর জন্মনিবন্ধন সনদের ১৭ ডিজিট নম্বর ব্যবহার করে vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। ইতোপূর্বে যারা এইচপিভি টিকার জন্য নিবন্ধন করেছিল তারা সরাসরি লগইন করে টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করতে পারবে।




