শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সেই চমক দেখালেন সিকান্দার রাজা। প্রথমবারের মতো ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠলেন জিম্বাবুয়ের এই তারকা ক্রিকেটার।

বুধবার প্রকাশিত আইসিসির হালনাগাদ র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় রাজা এখন এক নম্বরে। তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৩০২। দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই (২৯৬) এবং তৃতীয় স্থানে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি (২৯২)। চতুর্থ স্থানে অপরিবর্তিত আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ (২৪৯)।
ব্যাটিং র্যাংকিংয়েও উন্নতি করেছেন রাজা। ৯ ধাপ এগিয়ে তিনি এখন ২২তম। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের নায়ক শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা ৭ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন। তার সতীর্থ জানিথ লিয়ানাগে উন্নতি করে এখন ২৯তম স্থানে। বোলিং তালিকায় শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ৩১তম ও দিলশান মাদুশাঙ্কা ৫২তম স্থানে উঠে এসেছেন।

বোলিং র্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ শীর্ষে অবস্থান আরও মজবুত করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে চার উইকেট নিয়ে তার রেটিং বেড়ে হয়েছে ৬৯০। সতীর্থ লুঙ্গি এনগিডি ৫ ধাপ এগিয়ে এখন ২৩তম স্থানে। ইংল্যান্ডের জফরা আর্চারও ১৯তম স্থানে উন্নতি করেছেন।
টি-টোয়েন্টি র্যাংকিংয়েও এসেছে পরিবর্তন। আফগানিস্তানের মোহাম্মদ নবি দুই ধাপ এগিয়ে এখন অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে। ব্যাটিং র্যাংকিংয়ে ইব্রাহিম জাদরান ১২ ধাপ উন্নতি করে ২০তম স্থানে আছেন। পাকিস্তানের তরুণ স্পিনার সুফিয়ান মুকীম বোলিং র্যাংকিংয়ে ১১ ধাপ লাফিয়ে এখন ২২তম স্থানে।




