শেরপুর জেলা টাইলস ও স্যানেটারি সমিতির কার্য নির্বাহী কমিটির গঠন, পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷ ৩০ আগস্ট শনিবারে শহরের নিউমার্কেটস্থ নিউ আলীশান হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম।

নবগঠিত কমিটির সভাপতি, জাহাঙ্গীর এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক, ঢাকা টাইলস এন্ড স্যানেটারি সেন্টারের স্বত্বাধিকারী জাবেদ জাহান ইসলাম পরাগ। খান স্যানেটারির স্বত্বাধিকারী সাংবাদিক জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সভাপতি মুগনিউর রহমান মনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলা টাইলস ও স্যানেটারি সমিতি হলো জেলার টাইলস ও স্যানেটারি ব্যবসায় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের একটি সংগঠন। এ সংগঠনটি ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ, ন্যায্য ব্যবসা পরিচালনা, পারস্পরিক সহযোগিতা এবং সরকারি ও বেসরকারি নীতিমালার আলোকে ব্যবসার উন্নয়ন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে কোনো বিপদে-আপদে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এই কমিটির মূল উদ্দেশ্যে। ব্যবসায় প্রতিযোগিতা থাকবে, তবে সেটি যেন প্রতিশোধ পরায়ণ না হয়। পাশাপাশি অবৈধ প্রতিযোগিতা ও নকল পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নবগঠিত কমিটির প্রধান কাজ।

সভায় অন্যান্য উপজেলা থেকে আসা কমিটির সদ্যস্যরা বলেন, জেলা টাইলস ও স্যানেটারি সমিতির নির্বাহী পরিষদ জেলার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের একটি শক্তিশালী নেতৃত্ব দিবে বলে আমরা আশা করছি। তাদের দক্ষতা ও নিষ্ঠা জেলার ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এ সংগঠন আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, নবগঠিত শেরপুর জেলা টাইলস ও স্যানেটারি সমিতির কার্যনির্বাহী কমিটি ১০১ সদস্য বিশিষ্ট এবং উপদেষ্টা পরিষদ ১০ সদস্যবিশিষ্ট।




