ডান পায়ের পেশিতে হালকা চোট পেয়েছেন লিওনেল মেসি। যে কারণে সোমবার ভোরে অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচে খেলবেন না ইন্টার মায়ামির মহাতারকা। মেসির না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ হ্যাভিয়ের মাসচেরানো।

গত সপ্তাহে লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে এই চোট পান মেসি। চোট গুরুতর না হলেও ঝুঁকি এড়াতে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাশ্চেরানো বলেন, লিও ঠিক আছে, কিন্তু সামনে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো থাকায় ঝুঁকি নেওয়া বোকামি হবে। আমরা আশাবাদী, সে দ্রুত ফিরবে।
এই মৌসুমে এমএলএসে এখন পর্যন্ত ১৮ গোল করেছেন মেসি। যা ন্যাশভিল এসসির স্যাম সুররিজের সঙ্গে যৌথভাবে শীর্ষে। এ ছাড়া তার ঝুলিতে রয়েছে ৯টি অ্যাসিস্ট। অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচের পর আগামী শনিবার লস অ্যাঞ্জেলস এফসিকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি। এরপর ২০ আগস্ট ফোর্ট লডারডেলে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে টাইগ্রেস ইউএএনএল।




