তোমার কম্পিত ঠোঁটে দুরন্ত মধুর ধ্বনি,
পাহাড়ি নদীর মতো ব্যাকুল সুরের খনি!
চপলা হাসির স্রোতে অনন্য কবির ভাষা,
হাসির তরঙ্গে কবি প্রেমের কবিতা চাষা।
তোমার দুচোখে লেখা অনন্তযুগের চিঠি,
শারদ-পূর্ণিমা-রাতে অজস্র তারার দিঠি।
কবেকার কোন্ যেন অমরাবতীর কথা,
স্বর্গের ললনারূপে গ্রিকদেবী কথকতা।
তোমার জেদের ফাঁদে পরাস্ত পরমবীর,
সকল আরোগ্য তুমি; ধরাশায়ী ধমনীর।
প্রবল বেদনা ভারে বকুল-শেফালি ফুল,
খোঁপার শিথিলচুলে মেঘবাদলে ব্যাকুল।
তোমার আদল কিছু পেয়েছিল বনলতা,
পায়নি তেমন তবু তোমার এ অনন্যতা।
পরমস্বরূপ দেখে থাকে না দেখার বাকি,
সকল জগৎ তুমি, রূপকে তুলনা ফাঁকি।
কাব্যগ্রন্থ: সুনন্দিতা




