কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল ও সংরক্ষিত মহিলা মেম্বার কবরী বেগমের বসতবাড়ি ভাঙচুর করে লাখ লাখ টাকার ক্ষতি সাধন করেছে।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সিইসি দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করলে কেশবপুরের বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীরা গা ঢাকা দেয়। এসুযোগে ৩০/৪০ জনের একদল দুর্বৃত্ত বৃহস্পতিবার গভীর রাতে পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা মকবুল হোসেন মুকুলের মাদারডাঙ্গা গ্রামের বসতবাড়ি ও একই ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার বেলোকাটি গ্রামের কবরী বেগমের বাড়ির দরজা ও গ্রীলের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ফ্রীজ, টেলিভিশন মূল্যবান আশবাবপত্র ভাঙচুর করে লাখ লাখ টাকার ক্ষতি সাধন করে। এ ব্যাপারে কেশবপুর থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, ভাঙচুরের ঘটনা শুনেছি। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। করলে ব্যবস্থা নেওয়া হবে।




