চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলা মডেল থানা পুলিশ ও এ্যাকসেস প্রোগ্রাম থানাপাড়া সোয়ালোজ হস্তক্ষেপে শেষ পর্যন্ত বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো কিশোরী সাহানাজ। ৮ জানুয়ারী বুধবার সকাল ১১ টার দিকে চারঘাট উপজেলার বাবুপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

বর এসেছে, কাজীও এসেছে আর কয়েক ঘন্টা পরই বিয়ের পিড়িতে বসবে কিশোরী ৬ষ্ঠ শ্রেণীর সাহানাজ(১৩)। হঠাৎ পুলিশ ও থানাপাড়া ডিএস সংস্থার এ্যাকসেস প্রোগ্রাম টিম লিডারকর্মীর উপস্থিতিতে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল সাহানাজ। বুধবার বাবুপাড়া গ্রামের জবদুলের মেয়ে ও চারঘাট পদ্মা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সাহানাজ একই গ্রামের সাত্তারের ছেলে সুজনের সাথে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে চারঘাট মডেল থানার ওসি গোলাম মোর্তুজা পুলিশ ফোর্স ও এ্যাকসেস প্রোগ্রামের টিম লিডার রফিকুল ইসলাম, সাহারা খাতুন ও তাদের দল নিয়ে বিয়ে বাড়ীতে গিয়ে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝানো হয়েছে এবং উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত অভিভাবকরা বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেয়। অবশেষে সাহানাজের বাল্যবিবাহের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়।




