শেরপুরের নকলায় নজরুল ইসলাম (৫৩) ও ফরিদুল ইসলাম (৪১) নামে আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। ২৩ মে শুক্রবার রাতে নকলা পৌরশহর থেকে নজরুল ইসলাম এবং গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে ফরিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

নজরুল ইসলাম দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নকলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড শাখার সভাপতি ও ডাকাতিয়াকান্দা (দক্ষিণ নকলা) গ্রামের আব্দুল জুব্বার সরকারের ছেলে। আর ফরিদুল ইসলাম গৌড়দ্বার ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি রুণীগাঁও গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গ্রেফতার হওয়া নজরুল ইসলাম ও ফরিদুল ইসলাম ২০২৪ সনের ৪ আগস্ট তারিখে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলার সন্দিগ্ধ আসামি। তাদেরকে ২৪ মে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




