অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু-সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্ববাসীর প্রতি ‘থ্রি জিরো’ ভিশন—শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহবান জানিয়েছেন।

২১ এপ্রিল সোমবার স্থানীয় সময় সকালে ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে ৮১তম এসক্যাপ অধিবেশনে দেওয়া ভিডিও বার্তার ওই আহবান জানান তিনি।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপ) ৮১তম অধিবেশন আজ ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। ওই অধিবেশনে ৫৩টি সদস্য রাষ্ট্র এবং ৯টি সহযোগী সদস্য একত্রিত হয়েছেন। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী।




