বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কখনো বলিনি, আগে নির্বাচন পরে সংস্কার। এটি মিথ্যা ও ভ্রান্ত ধারণা। এটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। ২ এপ্রিল বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওইসব মন্তব্য করেন তিনি। ওইসময় জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব কামরুজ্জামান কামু, যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, নূন্যতম সংস্কার করে নির্বাচনের কথা বলে এসেছি আমরা। নির্বাচন ব্যবস্থা, আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থা সংস্কার করেই আমরা নির্বাচনের কথা বলে আসছি। আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার। নির্বাচন অবাধ, সুষ্ঠু করার জন্য নূন্যতম যে সংস্কার তা করতে হবে।
দেশের রাজনৈতিক দলগুলোর বিষয়ে তিনি বলেন, দেশে সংঘাতের কোনো প্রশ্নই আসে না। বরং গণতন্ত্রের সৌন্দর্য হল ভিন্ন ভিন্ন দল-মত থাকা। জনগণ যাদেরকে ভোট দেবে তারা পার্লামেন্ট গঠন করবে। মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রই হলো শ্রেষ্ঠ ব্যবস্থা সুশাসনের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য। তা না হলে আওয়ামী লীগের মতন অবস্থা হবে।




