শেরপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মিম আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ১১ মার্চ মঙ্গলবার বিকেলে পৌরসভার চাপাতলী এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত মিম সদর উপজেলার চরশেরপুর পূর্বপাড়া গ্রামের মৃত মিস্টার আলীর মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেরপুর শহর থেকে বাড়ি ফেরার পথে পৌরসভার চাপাতলী এলাকায় সেকান্দার আলী কলেজের সামনে নিজের গায়ের ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে ছিটকে রাস্তায় পড়ে যায় মিম। এ সময় গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করে।
এর আগে নিহত মিমের বাবা মিস্টার আলী প্রথম রোজার দিন মারা যান। দশ দিনের ব্যবধানে একই পরিবারের ২ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবাইদুল আলম জানান, ঘটনার পর আত্মীয়রা মেয়েটি লাশ হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।




