শেরপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সদস্য, বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ (৩ মার্চ)। তিনি ২০২৪ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেন।

আশির দশকের আলোড়নসৃষ্টিকারী কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ ১৯৫৭ খ্রিস্টাব্দের ২০ আগস্ট শেরপুরের চন্দ্রকোনা ইউনিয়নের বাছুরআলগা গ্রামে জন্মগ্রহণ করেন। প্রচণ্ড সাংগঠনিক কর্মক্ষমতার অধিকারী ও ক্ষুরধার লেখনীর আপোসহীন কলমসৈনিক তালাত মাহমুদ ১৯৭৯ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাশ করার পর একইসাথে এলএলবি ও ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়ন করেন। তার বাবা মনিরুজ্জামান মুক্তিযুদ্ধের একজন পৃষ্ঠপোষক ছিলেন। তালাত মাহমুদ জাতীয় লেখক কবি শিল্পী সংগঠন ‘লেকশি’ এবং ‘কবি সংঘ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ১৯৮০ খ্রিস্টাব্দে সাহিত্য ও সাংবাদিকতায় সাড়াজাগানো ‘জিলবাংলা সাহিত্য পুরস্কার’ লাভ করেন। তার প্রথম গ্রন্থ ‘স্বর্গের দ্বারে মর্তের চিঠি’ ১৯৭৫ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়।
নীলকণ্ঠ কবি তালাত মাহমুদ সাপ্তাহিক জামালপুর বার্তার প্রথম বার্তা সম্পাদক, দৈনিক দেশবাংলার সম্পাদনা পরিষদ সদস্য, আজকের বাংলাদেশের সহকারী সম্পাদক, সাপ্তাহিক সফিয়ার সম্পাদক (অর্পিত দায়িত্ব), বিলুপ্ত সাপ্তাহিক জনকণ্ঠ’র প্রধান সহকারি সম্পাদক, দৈনিক ঢাকা রিপোর্ট-এর প্রধান সহকারী সম্পাদক, সাপ্তাহিক শেরপুরের ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক পূর্বকথা’র সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রধান সম্পাদক, সাপ্তাহিক ঝিনাই-এর উপদেষ্টা সম্পাদক, পল্লীকণ্ঠ প্রতিদিনেব সহযোগী সম্পাদকসহ বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইত্তেফাক, ইনকিলাব, জাহান, সচেতনকণ্ঠ, দশকাহনীয়া, কালের ডাক, পল্লীকণ্ঠ প্রতিদিন, ভোরের আলো, শ্যামলবাংলা২৪ডটকম, শেরপুর টাইমসডটকম, বাংলার কাগজ, আজকের পত্রিকা, ভোরের আকাশসহ বিভিন্ন পত্র পত্রিকায় তার অসংখ্য লেখা প্রকাশিত হয়েছে। তার সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘সাহিত্য দর্পণ’ (১৯৭৩-১৯৮৬) ও ‘আমরা তোমারই সন্তান’ (১৯৯৯ খ্রিস্টাব্দ থেকে প্রকাশিত)।

এদিকে কবি, সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনা করে সকলের দোয়া চেয়েছেন কবিপুত্র তানসেন মাহমুদ ইলহাম।




