বিভিন্ন কারণে অস্ট্রেলিয়ার ১৫ জনের চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ৪ জনই আগেই ছিটকে গেছিলো। এবার অজিদের পেস অ্যাটাকের অন্যতম কাণ্ডারি মিচেল স্টার্ক চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে নিজেকে সরিয়ে নিলেন। মূলত ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি মূল দল থেকে নিজেকে সরিয়ে নেন। এদিকে স্টার্কের সরিয়ে নেওয়া মানে তাদের চ্যাম্পিয়নস ট্রফির দলে অস্ট্রেলিয়ার মূল পেসাররা কেউ থাকছেন না।

এর আগে স্টার্কের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। এ ছাড়া দলে নেই মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ। কামিন্স-হ্যাজলউড দুজনই সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে চোটে পড়েছিলেন। অ্যাঙ্কেলে পাওয়া আঘাত থেকে এখনো সেরে ওঠেননি কামিন্স। হ্যাজলউডের চোট আরও গুরুতর। নিতম্বে অস্বস্তির পাশাপাশি ও পায়ের পেশিতেও টান ধরেছিল তার। আগের তুলনায় এখন কিছুটা ভালো বোধ করলেও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার মতো অবস্থায় নেই।
এর আগে হুট করেই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অজি অলরাউন্ডার স্টয়নিস। এর আগে আরেক অলরাউন্ডার মিচেল মার্শ পিঠের চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন।

সব মিলিয়ে অস্ট্রেলিয়ার নিয়মিত একাদশ থেকে ৫ জন ক্রিকেটারকেই পাচ্ছে না তারা। অস্ট্রেলিয়ার এমন দলটাকে নেতৃত্ব দিতে যাচ্ছেন স্টিভ স্মিথ। ৫ ক্রিকেটারের বদলি হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির দলে এসেছেন—শন অ্যাবট, বেন ডোয়ারশিস , জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাংহা।
যদিও স্টার্ক কেন খেলবেন না তা কোনো পক্ষই জানায়নি। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ‘আমরা মিচের সিদ্ধান্ত বুঝতে পেরেছি ও সম্মান করি। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি মিচের অঙ্গীকার ও অস্ট্রেলিয়ার হয়ে পারফর্ম করাকে ও যেভাবে গুরুত্ব দেয় সেটাকে সম্মানের চোখেই দেখা হয়। ওকে না পাওয়া অবশ্যই বড় ধাক্কা কিন্তু টুর্নামেন্টে নিজেকে চেনানোর জন্য এটি অন্য কারও সুযোগও।’
চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ আগামী ২২ ফেব্রুয়ারি, ইংল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচে মাঠে নামার আগে শ্রীলঙ্কার সঙ্গে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। যার প্রথমটি হবে আজ।
চ্যাম্পিয়নস ট্রফির অস্ট্রেলিয়া দল:
স্টিভ স্মিথ (অধিনায়ক) অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা, শন অ্যাবট, বেন ডোয়ারশিস , জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাংহা।




