ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে বর্ষসেরা পুরস্কার জিতলেন বুমরা। তার আগে রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন টেন্ডুলকার (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬) ও বিরাট কোহলি (২০১৭ ও ২০১৮) জিতেছিলেন। ৩১ বছর বয়সী পেসার ভারতের ৪ কিংবদন্তির পাশে বসতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুককে।

জানা যায়, ২০২৪ সালে টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে ২১ ম্যাচে ৩৪ ইনিংসে ৮৬ উইকেট শিকার বুমরার। নজরকাড়া বোলিং গড় ১৩.৭৬, ইকোনমি ৩.০৬। ওয়ানডে সংস্করণে কোনো ম্যাচ না খেললেও বছরটিতে তার চেয়ে বেশি উইকেট পাননি আর কেউ। এর মধ্যে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতকে বিশ্বকাপ জেতাতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ১৫ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টে সেরা। ১৩ টেস্টে শিকার করেছিলেন ৭১ উইকেট, যা লাল বলে গেল বছরের সর্বোচ্চ। ২০-এর কম গড়ে টেস্টে ২০০ উইকেট নেওয়া বিশ্বের প্রথম বোলারের রেকর্ডও গড়েছেন বুমরা।
এদিকে লম্বা সময় পিঠের চোটে মাঠের বাইরে ছিলেন বুমরা। ২০২৩ সালের আগস্টে মাঠে ফেরার পর বদলে যাওয়া এক বুমরাকেই দেখা গেল। সে বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতকে ফাইনালে তুলতে দারুণ অবদান রেখেছিলেন। এ বছর বোর্ডার-গাভাস্কার সিরিজ দল হারলেও সর্বোচ্চ ৩২ উইকেট নিয়ে সিরিজসেরা হন তিনি। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ে ১৯ উইকেট নেন বুমরা। তবে আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দরে থাকলেও শেষ পর্যন্ত খেলতে পারবেন কি না, সেই শঙ্কা থাকছেই। অস্ট্রেলিয়া সফরে সিরিজের শেষ টেস্টে আবারও চোট পড়েছেন তিনি।




