শেরপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ১০ জানুয়ারি শুক্রবার ভোররাতে আসামিদ্বয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার রৌহা ইউনিয়নের রৌহা চরপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে আজমত আলী (৪২) ও একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে ফজলুল হক ফজু (৫৬)।

পুলিশ জানায়, সদর উপজেলার মনজুরুল ইসলাম হত্যা মামলার বিচারে সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে মনজুরুল ইসলাম হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে আজমত আলী ও ফজলুল হককে যাবজ্জীবন সাজা দেয় আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিই দীর্ঘদিন ধরে পলাতক ছিলো।
শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস পুলিশ দল রৌহা চরপাড়া এলাকায় অভিযান চালায়। ওইসময় নিজ বাড়ি থেকে সাজাপ্রাপ্ত আসামি আজমত আলী ও ফজলুল হককে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।




