শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ি উল্টে শান্ত ইসলাম (১৫) নামে এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। ১০ জানুয়ারি শুক্রবার ভোররাতে উপজেলার ঝিনাইগাতী-ধানশাইল সড়কের জামতলী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত পূর্ব ধানশাইল জামতলী এলাকার শেখ কামালের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার ভোররাতে ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া এলাকা থেকে বালুভর্তি মাহিন্দ্র গাড়িটি নিয়ে চালক কিশোর শান্ত ঝিনাইগাতী সদরের দিকে যাচ্ছিল।
ওই সময় রাস্তায় ঘন কুয়াশা থাকায় গাড়িটি চলন্ত অবস্থায় উল্টে পাশের ধানখেতে পড়ে যায়। এতে চালক শান্ত ওই গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।




