শেরপুরের ঝিনাইগাতীতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।

ওইসময় তিনি বলেন, তারুণ্যের উৎসবে তরুণদের খেলাধুলার মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ভূমিকায় অবদান রেখে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রস্তুতি নিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী খানের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে নলকুড়া ইউপি চেয়ারম্যান মো. রুকনুজ্জামান, ধানশাইল ইউপি চেয়াম্যান শফিকুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুস্তম আলী, সদর ইউপি সদস্য জাহিদুল হক মনিরসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের ফাইনালে নলকুড়া ইউনিয়নকে হারিয়ে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, এ ভলিবল টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে ঝিনাইগাতী সদর ইউনিয়ন, নলকুড়া ইউনিয়ন, মালিঝিকান্দা ইউনিয়ন ও ধানশাইল ইউনিয়ন।




