সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক, শেরপুরের কৃতি সন্তান মো. নিজাম উদ্দিন।

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির অনুমোদনে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ধারা ১০ (১) অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগের শর্তে বলা হয়েছে, ড. নিজাম উদ্দিন ভিসি হিসেবে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি প্রয়োজনে এই নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখেন।

নিজের অনুভূতি জানিয়ে সুবিপ্রবি’র নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন, আমাকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় মহামান্য রাষ্ট্রপতি ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে আমার নিজেস্ব একটা আবেগ সব সময়ই ছিলো যে, সুযোগ পেলে নতুন কিছু করে দেখাবো। সে সুযোগ এখন পেয়েছি। যেহেতু সুবিপ্রবি একটি নতুন বিশ্ববিদ্যালয় সেহেতু ইতিবাচকভাবে কিছু একটা করার সুযোগ আছে। সেটা করার চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়টিকে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভও প্রতিষ্ঠানে রূপ দেওয়ার চেষ্টা করবো। সততা ঠিক রেখে কাজ করতে পারলে জীবনকে সার্থক মনে করবো।
উল্লেখ্য, অধ্যাপক নিজাম উদ্দিন শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা গ্রামের বাসিন্দা। অধ্যাপক নিজাম উদ্দিন শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা গ্রামের বাসিন্দা। নিজাম উদ্দিনের জন্ম ১৯৭২ সালের ৩ এপ্রিল। তিনি ১৯৯৩ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক (সম্মান) এবং ১৯৯৪ সালে ভৌত রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৯৯ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে এমফিল ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে তিনি জাপানের সাগা বিশ্ববিদ্যালয় থেকে ২০০২ সালে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে মাস্টার অব ইঞ্জিনিয়ারিং এবং ২০০৫ সালে এনার্জি ও ম্যাটেরিয়ালস সায়েন্সে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৫ সালে ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। এরপর তিনি ১৯৯৯ সালে সহকারী অধ্যাপক, ২০০৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১০ সালে অধ্যাপক পদে উন্নীত হন। অধ্যাপনার পাশাপাশি তিনি বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন এবং একাধিক সংগঠনের শীর্ষস্থানীয় পদে নেতৃত্ব দিয়েছেন।




