শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ১৮ অক্টোবর শুক্রবার দিনব্যাপী উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া, কোনাগাঁও, কাংশার মুক্তিরবাজার, পানবর, নলকুড়ার কুশাইকুড়া এলাকা পরিদর্শন ও খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

ওই সময় বন্যা দুর্গত ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, হলুদ-মরিচের গুঁড়ো, লবণ, মোম, দিয়াশলাই, ওরস্যালাইন ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্য। এছাড়া ১ হাজার মানুষের মাঝে এক লাখ টাকা বিতরণ করেন তিনি।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্ল্যাহসহ ইউনিয়ন বিএনপি ও ংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারছি পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতে প্রাকৃতিক সব দুর্যোগে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।




