আমতলী (বরগুনা) প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে প্রার্থী সমর্থকদের প্রচার প্রচারণা। বিরোধী দলবিহীন নিরুত্তাপ নির্বাচন হলেও বরগুনা – ১ আসনের চিত্র ভিন্নরূপ। আওয়ামীলীগ দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জনসভা, পথসভা এবং গণসংযোগে মুখরিত হয়ে উঠছে শহর-বন্দর, গ্রাম-গঞ্জ, হাট-বাজারসহ জনগুরুত্বপূর্ণ স্থানগুলো।

বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে আওয়ামী লীগসহ চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরা হলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি (আওয়ামীলীগ), সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেন (স্বতন্ত্র), জাতীয় পার্টি (এরশাদ) মো. শাহজাহান মানসুর এবং মো. খলিলুর রহমান (বিএনএফ)।
ইতোমধ্যে সাবেক সেনা শাসক এরশাদ নির্বাচন বয়কট করায় শাহজাহান মানসুর তার মনোয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বিএনএফ’র প্রার্থী নির্বাচনি এলাকায় কোনো ততপরতা নাই। মূলত এ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট শম্ভু ও স্বতন্ত্র প্রার্থী দেলোয়ারের মধ্যে।
তীব্র লড়াই হবে বলে ধারনা করছেন বিশে¬ষ মহল।
এবছর বরগুনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৪৫৬। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ৪৩২ এবং মহিলা ভোটার ১ লাখ ৮৩ হাজার ২৪। ভোট কেন্দ্র ১৭৬ টি। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় শতকরা ৩০ ভাগ ভোটার কেন্দ্রে উপস্থিত হবে কিনা এ আশঙ্কা বিজ্ঞজনদের।




