পাবনা প্রতিনিধি : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মাদ নাসিম বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতায় গেলে বঙ্গবন্ধুর জন্মভূমি শুধু গোপালগঞ্জ নয়, বাংলাদেশের নামও পরিবর্তন করে পাকিস্তান রাখবেন’।

তিনি বলেন, হরতাল,অবরোধ দিয়ে যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদের বিরুদ্ধে দশম সংসদ নির্বাচন। শেখ হাসিনা টেলিফোন করে আলোচনায় বসার আহবান জানালেও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া তা উপেক্ষা করেন। কারণ তিনি নির্বাচন চান না, মানুষ হত্যা করতে চান। আমরা সর্বদলীয় ভাবে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু খালেদা জিয়ার অনিহার কারণে তা সম্ভব হয়নি। ৫ জানুয়ারীর নির্বাচন শতভাগ স্বচ্ছ হবে। ২৪ জানুয়ারীর পর শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। উন্নয়ন ও গনতন্ত্রের ধারা অব্যহত রাখতে আ’লীগকে আবার ক্ষতায় আনতে হবে। এখনো সময় আছে যারা নৌকা ছেড়ে চলে গেছেন ৫ জানুয়ারীর আগেই নৌকায় চড়তে হবে। নইলে আর নৌকায় উঠতে পারবেন না।
বুধবার বিকেলে পাবনার সাঁথিয়ায় বোয়াইলমারী কামিল মাদ্রাসা মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে মোহাম্মাদ নাসিম এ কথা বলেন। পাবনা-১ আসনের আ’লীগ দলীয় প্রার্থী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিতে হবে। তিনি পাবনার বেড়া সাঁিথয়ার বিএনপি জামায়াতের কর্মিদের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানালেন। এ সময় তিনি বলেন, ‘আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর সাঁিথয়া বেড়ার আমাদের বিএনপি জামায়াতের কোন ভাইয়ের প্রতি কোন নির্যাতন করিনি। কোন মিথ্যে মামলা দেইনি। জামায়াত আমীর নিজামীর প্রতি যে বিচার করা হয়েছে তা রাষ্ট্রীয় সিদ্ধান্তে’।

উপজেলা আ’লীগের আহবায়ক আব্দুলাহ আল মাহমুদ দেলোয়ারের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন, পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু, রেজাউর রহিম লাল, চন্দন কুমার চক্রবর্তী, সাঁিথয়া পৌর মেয়র মিরাজ উদ্দিন প্রামানিক, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান বাকিবিলাহ, আ’লীগ নেতা হাসান আলী খান, রবিউল করিম হিরু, কার্তিক সাহা, আলমগীর হোসেন, যুবলীগ নেতা মাহবুবুল আলম বাচ্চু প্রমুখ।




