তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। ম্যাচ হারলেও ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন তাওহিদ হৃদয়। অনবদ্য ব্যাটিংয়ে ৯৬ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। সেঞ্চুরির কাছে গিয়েও হলো না।

ওয়ানডে ক্যারিয়ারে ৭টি ফিফটির দেখা পেলেও এখনো সেঞ্চুরির দেখা পাননি হৃদয়। সেঞ্চুরি করতে না পারলেও আক্ষেপ নেই এই টাইগার ব্যাটারের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হৃদয় বলেন, ‘আমার কোনো আক্ষেপ নাই, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলতে পারে হয়ত ৯৬, আরেকটা বল থাকলে হয়ত অনেকেই অনেক কিছু বলতে পারে। আমি তো প্রথম বলেও আউট হয়ে যেতে পারতাম। আগের ম্যাচে রান করতে পারিনি। টি-টোয়েন্টিতেও দ্রুত আউট হয়ে গেছি। আমার প্ল্যান থাকে যদি শুরু পেয়ে যাই যেন বড় করতে পারি।’

নিজের ব্যাটিং প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘একটু পর পর উইকেট পড়ছিল। আমার মাথা যতটুকু কাজ করেছে আমি চেষ্টা করেছি খেলা শেষ করার যেহেতু ব্যাটার ছিল না। যদি থাকত তাহলে হয়ত ভিন্ন দৃশ্য হত। প্রথম থেকেই আমি যা দেখছিলাম একটু পর পর উইকেট হারানোয় আমার লক্ষ্য ছিল আমি খেলাটা শেষ করব।’




