শেরপুরের নালিতাবাড়ীতে জলাশয় সুরক্ষিত রাখতে সপ্তাহব্যাপী নদী ও পুকুর পরিষ্কারের অভিযান শুরু করেছে নালিতাবাড়ী পৌরসভা। ১৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুকুর পরিষ্কার মাধ্যমে সপ্তাহব্যাপী ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, দিন দিন নালিতাবাড়ীতে জলাশয়ের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি জলাশয়ে ময়লা-আবর্জনা ফেলার মাত্রা বেড়ে যাচ্ছে। পরে জলাশয় সুরক্ষিত রাখতে পৌরসভার উদ্যোগে সপ্তাহব্যাপী নদী ও পুকুর পরিষ্কার করাসহ জনসচেতনতা বৃদ্ধির জন্য কর্মসূচী নেওয়া হয়। পরে বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুকুর পরিষ্কারের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এছাড়াও পর্যায়ক্রমে শহরের বুক চিরে বয়ে যাওয়া ভোগাই নদীর অংশ ও পুকুর সমূহ পরিষ্কার করে আবর্জনা মুক্ত করা হবে। এই কার্যক্রমে পৌরসভার ২০ জন পরিচ্ছন্নতা কর্মীসহ স্বেচ্ছাসেবীরা জলাশয় পরিষ্কার করতে কাজ করছে। এছাড়াও জলাশয় সুরক্ষিত রাখতে জনসচেতনতা সৃষ্টিতে শহরে দুই দিনব্যাপী মাইকিং করা হচ্ছে।

দুপুরে কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, পৌরসভার প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলুসহ কাউন্সিলরবৃন্দ।




