স্টাফ রিপোর্টার : এবার শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে চলছে কৃষিমন্ত্রীর সাথে কৃষিবিদের লড়াই। একজন হচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের কৃষি, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী, বাংলার অগ্নিকন্যা খ্যাত বেগম মতিয়া চৌধুরী এবং অন্যজন হচ্ছেন কৃষক লীগের প্রেসিডিয়াম সদস্য, উপজেলা চেয়ারম্যান ফোরামের মহাসচিব ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের পদত্যাগী চেয়ারম্যান আলহাজ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা।
জানা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ ১৮ দলীয় জোট অংশ না নেওয়ায় এ আসনে প্রথমদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেগম মতিয়া চৌধুরী, দলের বিদ্রোহী প্রার্থী বদিউজ্জামান বাদশা ও জাপা (এরশাদ) প্রার্থী রোজী সিদ্দিকী তালুকদার মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যায়ে রোজী তালুকদার তা প্রত্যাহার করে নেন। ফলে মতিয়া চৌধুরীর বিপরীতে একমাত্র প্রার্থী রয়ে যান বদিউজ্জামান বাদশা। একজনের প্রতীক নৌকা, আর অন্যজনের প্রতীক আনারস। ইতিহাস-ঐতিহ্য, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক নৌকার বিপরীতে শ্লোগান দেওয়া হচ্ছে দেশী আনারসের। ফলে জেলার অপর দুটি আসনের চেয়ে এ আসনে নির্বাচনী উত্তাপ তুলনামূলকভাবে অনেকটাই বেশি। সেইসাথে তৃণমূল পর্যায়ে এখন সবার মুখে মুখে শোনা যাচ্ছে ‘কৃষিমন্ত্রীর সাথে কৃষিবিদের লড়াই’।




