নীলফামারী প্রতিনিধি : সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের ওপড় হামলা ও চার আওয়ামী লীগ নেতাকর্মীদের নিহতের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছে পৌর আওয়ামী লীগ। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় শহরের স্বাধীনতা অম্লাণ স্মৃতি স্তম্ভ পাদদেশ চত্তরে ঘন্টাব্যাপী মানববন্ধনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার অন্তত পাঁচশত মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধন চলাকালে পৌর আওয়ামী লীগের সভাপতিত্বে সংপ্তি সমাবেশে জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মমতাজুল হক, জেলা কৃষক লীগ সভাপতি এ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, জেলা শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী রাবেয়া আলীমসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশটি পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট আল-মাসুদ আলাল।
বক্তারা অবিলম্বে আসাদুজ্জামান নুরের ওপড় হামলা ও নেতাকর্মীদের হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। একই সাথে পুলিশের ভূমিকার সমালোচনা করে বলেন, ঘটনার ছয় দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মামলার এজাহার নামীয় কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সেদিনের ঘটনায় পুলিশ তৎপর থাকলে এমন ঘটনা ঘটতনা বলে দাবি করেন তারা। জামায়াত-শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত্য এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে গত ১৪ ডিসেম্বর ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের হামলার শিকার হন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর। এসময় নুরের সাহায্যে পুলিশ ও আওয়ামী লীগ-ছাত্রলীগ কর্মীরা এগিয়ে এলে সংঘর্ষ বাঁধে। এতে চার আওয়ামী লীগ কর্মী নিহত হন। এ ঘটনায় ঐ রাতেই মামলা হলে এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করে আইনশৃংাখলা রক্ষাকারী বাহিনী। তবে এজাহার নামীয় কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।




