শ্যামলবাংলা বিনোদন : আসছে নতুন বছরে শ্রোতাদের নতুন অ্যালবাম উপহার দিচ্ছেন বিশ্বের জনপ্রিয় পপগায়িকা শাকিরা। আর ওই অ্যালবামের নতুন একটি গান আগামী বছরের জানুয়ারি মাসে মুক্তি পাচ্ছে। গানটির পাশাপাশি এর মিউজিক ভিডিওর কাজও ইতোমধ্যে শেষ হয়েছে। অবশ্য এখন পর্যন্ত অ্যালবাম কিংবা গানটির শিরোনাম প্রকাশ করা হয়নি।
শাকিরার সর্বশেষ একক অ্যালবাম ‘সেল এল সোল’ মুক্তি পেয়েছিল ২০১০ সালে। প্রায় ৪ বছর বিরতির পর নতুন অ্যালবাম নিয়ে আসছেন ৩৬ বছর বয়সী কলম্বিয়ান এই সংগীত তারকা। নতুন অ্যালবামটি তিনি উৎসর্গ করেছেন তাঁর সঙ্গী স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকেকে। সম্প্রতি বিলবোর্ড ডটকম খবরটি নিশ্চিত করেছে।
যোসেফ কানের নির্দেশনায় নতুন গানটির মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন বলে নিশ্চিত করেছেন শাকিরা। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, সম্প্রতি আমার নতুন অ্যালবামের প্রথম গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করলাম। এর নির্দেশনা দিয়েছেন যোসেফ কান।




