নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের কাচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেটকার ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। ৭ ডিসেম্বর শনিবার ভোর ৬টার দিকে কাচপুর স্টিল মিলের সামনে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাজিনকড়া এলাকার জসীমউদ্দিন (৩৬), ফেনীর মধ্যকারীপুরের মো. মোস্তফা (৭০) এবং দৌলতপুরের আব্দুল হাকিম (৩০)।
মহাসড়ক পুলিশের কাচপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ সোহেল জানান, কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ঢাকাগামী প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ৩ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত ২ জনের একজন নারী এবং অন্যজন গাড়িচালক। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে।




