গেল ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ৯ জন নারী। এর মধ্যে করোনায় ৯ জন এবং উপসর্গে ৮ জন মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলার বাসিন্দা ১০ জন। বাকি ৭ জন নেত্রকোনা, শেরপুর, গাজীপুর ও সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। ৯ আগস্ট সোমবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের হামিদা (৬১), জরিনা (৩৫) ও তাপস (২২), গফরগাঁও উপজেলার রিয়াজুদ্দিন (৭৫) ও রুবেল (৪০), ত্রিশাল উপজেলার মুরশিদা (৫০), মুক্তাগাছা উপজেলার হাসান আলী (৮০), নেত্রকোনা সদরের শাহজাদা (৬৫) এবং পূর্বধলা উপজেলার ফরিদা (৫৩)।
আর উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের হাজী দেওয়ান (১০১), ফরিদা বেগম (৬৭) ও সুফিয়া (৬৫), মুক্তাগাছা উপজেলার ইউসুফ আলী (৬০), নেত্রকোনা সদরের মালেহা (৬০) শেরপুর সদরের আবদুল মতিন (৫০), গাজীপুরের শ্রীপুর উপজেলার তাসলিমা (২৫) এবং সিরাজগঞ্জ সদরের ফজলা (৫০)।

ডা. মহিউদ্দিন খান আরও জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪০ জনসহ এখন পর্যন্ত ৪২০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিউতে ২২ জন চিকিৎসাধীন। সুস্থ হয়ে ৭৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষায় আরও ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৯৩ শতাংশ। জেলায় এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৩৮ জন। জেলায় সোমবার সকাল পর্যন্ত করোনায় ১৯৬ জন মারা গেছেন বলে জানান জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।




