দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৮৯৭ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে, যেখানে গতকাল একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু এবং ৮৬৪ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৭ জন। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৭৬ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জন করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৭৬টি সক্রিয় ল্যাবে ২৪ হাজার ৬০৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনাভাইরাস পজিটিভ শনাক্তের হার ৩ দশমিক ৬৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ।




